স্টাফ রিপোর্টার | ১১ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে শ্রীলঙ্কার সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওষুধের বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আরও বেশি শ্রীলঙ্কান শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টি এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করবে দুই দেশ।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসার।
বৈঠকে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন আয়োজন করায় শ্রীলঙ্কাকে অভিনন্দন জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে শ্রীলঙ্কার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
এ সময় দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ফোরামে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত পোষণ করেন।
পাশাপাশি অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।
এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প এবং চিকিৎসাশিক্ষা খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।





