স্টাফ রিপোর্টার | ১১ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও টেকসই ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, মিয়ানমারের নাগরিকদের তাঁদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী এই সংকটের অবসান ঘটাতে হবে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের অফিসকক্ষে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং হেড অব ফান্ডরেইজিং, অর্ফানস ইন নিড আলতাফ হুসাইন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় যুক্তরাজ্যের প্রতিনিধিদলের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধিতে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





