স্টাফ রিপোর্টার, ২৩ নভেম্বর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে বিশ্বজুড়ে নতুন অঙ্গীকার এবং নির্যাতিতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেছেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি বৈশ্বিক লজ্জা, যা বিশ্বের প্রতিটি দেশ ও সম্প্রদায়কে প্রভাবিত করছে।
২৫ নভেম্বর ‘নারীর প্রতি সহিংসতা দূরীকরণ আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন।
বার্তায় তিনি বলেন, আইন ও নীতিমালায় উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা এখনো ভীতিকরভাবে প্রচলিত রয়েছে। এই অবিচার চিরতরে বন্ধ করার এখনই সময়।
জাতিসংঘ মহাসচিব বলেন, সহিংসতার অভিযোগ জানানোর জন্য সরকারগুলোকে গোপনীয় ও সহজলভ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা ও আশ্রয়সহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নিরাপদ অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, আইন শক্তিশালী করার পাশাপাশি এর ধারাবাহিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সময়োপযোগী ও নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বার্তায় পিতৃতান্ত্রিক সামাজিক রীতিনীতির পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করা হয়। মহাসচিব বলেন, যেসব সামাজিক ধারণা পুরুষ ও বালকদের সহিংসতার দিকে এবং নারী ও কন্যাশিশুদের নীরবতার দিকে ঠেলে দেয়, সেগুলো পরিবর্তন করতে হবে।
বিশেষ করে অনলাইন জগতে নারীবিদ্বেষ ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বেনামী পরিচয় ও শক্তিশালী ডিজিটাল মাধ্যম নারীবিদ্বেষকে আরও বাড়িয়ে তুলছে এবং এর বিস্তার ত্বরান্বিত করছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, নারী ও কন্যাশিশুরা এমন একটি বিশ্বে বসবাসের অধিকার রাখে, যেখানে তারা ভয়মুক্ত থেকে নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকাশ করতে পারে। ক্ষতিকর প্রচলিত ধারণা ও আচরণকে চ্যালেঞ্জ জানিয়ে পুরুষ ও বালকদেরও সক্রিয় সহযোগী হিসেবে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সম্মিলিত ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে সহিংসতা বন্ধ, দায়মুক্তির অবসান এবং সবার জন্য ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব।





