ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার (৩১ আগস্ট) দেশের তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “আগামীকাল কিছু রাজনৈতিক দলের সাথে চিফ অ্যাডভাইজার বসবেন। বিকেল ৩টায় বিএনপির সাথে এবং বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে। সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে।”
প্রধান উপদেষ্টার নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।
এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।”





