জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

জাতীয় নির্বাচন বানচালে ‘ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে’ উল্লেখ করে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।…

জাতীয় নির্বাচন বানচালে ‘ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে’ উল্লেখ করে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ষড়যন্ত্রের ইঙ্গিত

তারেক রহমান বলেন,

“আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না, ইনশাআল্লাহ। সবাইকে সর্তক থাকতে হবে।”

বিএনপির ৪৭ বছরের পথচলা

নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন,

“৪৭ বছরের গৌরবান্বিত পথচলায় বিএনপি বরাবরই দেশের গণতন্ত্রকামী জনগণের সহযোগিতা ও সমর্থন পেয়ে এসেছে। গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি অতীতে যেমন বিচ্যুত হয়নি, ভবিষ্যতেও হবে না।”

‘পরিস্থিতি ক্রমেই জটিল’

বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন,

“দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অথবা জটিল করে তোলা হচ্ছে। এখনও সময় আছে—আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওঁত পেতে রয়েছে।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন, আগে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সবাই মিলে। এরপর যৌক্তিক দাবি সমাধানের পথ খুঁজি।”

তারেক রহমান আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব।

নেতাকর্মীদের প্রতি নির্দেশনা

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,

“রাজনীতি মানেই শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং জনগণের জীবনমানের উন্নয়ন। সেই লক্ষ্যেই বিএনপি ইতোমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নের পথও নির্ধারণ করেছে। এই পদক্ষেপগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”

অশুভ শক্তির তৎপরতা

তিনি সতর্ক করে বলেন,

“এক বছর আগেই বলেছিলাম, নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। এখন তা দৃশ্যমান হচ্ছে। কোনও কোনও রাজনৈতিক দল দলীয় স্বার্থে নানা শর্ত আরোপ করে নির্বাচনের পথে বাধা সৃষ্টির অপচেষ্টা করছে।”

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে

তারেক রহমান বলেন,

“বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায়ের সরকার হলেও তাদের দুর্বলতা যত প্রকট হবে, তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অপশক্তি।”

মব ভায়োলেন্সের বিরুদ্ধে অবস্থান

নারীর প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,

“মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেবো না। শহীদ জিয়া ও খালেদা জিয়ার সৈনিকরা নারীর মর্যাদা ও অধিকারের প্রতি সংবেদনশীল থাকবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আয়োজিত এ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাও এতে উপস্থিত ছিলেন।