বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

ছবি :নিউজ চ্যানেলবিডি

সাবেক সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের একমাত্র মেয়ে শ্রাবণী সরকার রিতু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

শ্রাবণী সরকার রিতুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন,
“হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রাবণী সরকার রিতুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সন্তান হারানোর বেদনা যে কত মর্মান্তিক তা ভুক্তভোগী পিতামাতাই জানেন। তাঁর পিতামাতা ধৈর্য ধারণের শক্তি পাবে—আমি এটাই কামনা করি। আমি শ্রাবণী সরকার রিতুর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আজ (১২ সেপ্টেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

কাজী মিরাজ হোসেনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
“মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তিনি দীর্ঘদিন দক্ষতা ও যোগ্যতার সাথে কাজ করেছেন। একজন ন্যায়পরায়ণ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম সর্বজনবিদিত ছিল।”

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুম কাজী মিরাজ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।