ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষত্ব অর্জন ও পশুত্ব বর্জন করতে হবে।
শনিবার ‘বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘প্রাণী ও প্রাণের মেলা’ অনুষ্ঠানে তিনি বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে পশু-পাখি ও বন্যপ্রাণীর অধিকারও নিশ্চিত হবে। গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকার যেমন সম্পর্কযুক্ত, তেমনি বাস্তুতন্ত্রের সঙ্গে প্রাণীর অধিকারও জড়িত।”
তারেক রহমান উল্লেখ করেন, দেশের প্রায় ৩৯০টি প্রজাতি প্রাণী বিলুপ্তির পথে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ৮০-এর দশকে ৪০০–৫০০-এর মধ্যে ছিল, বর্তমানে তা প্রায় ১০০-এর কাছাকাছি। হাতির সংখ্যা কমে ২০০-এর নিচে। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বন উজার ও বন্যপ্রাণী পাচার জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।
তিনি আরও বলেন, “বন্যপ্রাণী ও জলজ উদ্ভিদের নিরাপত্তায় আইন জরুরি হলেও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো আমাদের সচেতনতা। জীববৈচিত্র্য রক্ষা ও প্রাণীর নিরাপত্তা আমাদের নিজস্ব নিরাপত্তার সঙ্গেও জড়িত।”
অনুষ্ঠানে প্রাণীপ্রেমী শাহিনা খান জামান এবং সদ্য প্রয়াত স্কুল শিক্ষক আকাশ কলি দাসকে সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় বিএনপির উচ্চপদস্থ নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, প্রাণীপ্রেমী ও সেলিব্রিটি উপস্থিত ছিলেন।





