ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী। ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার কারণে কাউকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না।
আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন।
অধ্যাপক ইউনূস বলেন, “আমরা সবাই একই পরিবারের সদস্য। পুরো জাতি একটি পরিবার। মতভেদ থাকতে পারে, ব্যবহারের পার্থক্য থাকতে পারে। কিন্তু পরিবার অটুট—এটাকে কেউ ভাঙতে পারবে না। আমরা যেন জাতি হিসেবে সেই অটুট পরিবার হয়ে দাঁড়াতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সকল নাগরিককে সমান মর্যাদা দেওয়া। “সে যেই ধর্মেই বিশ্বাস করুক, ধনী হোক কিংবা গরিব—রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে। কোনো সরকারের অধিকার নেই কাউকে সামান্যতম পরিমাণেও বঞ্চিত করার।”
নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “যখন বলবেন আমি এই দেশের নাগরিক, আমার সংবিধান প্রদত্ত অধিকার চাই—তখন সবাই আপনাদের সঙ্গী হবে। সারা দেশের মানুষের সমস্যাই একই—নিজের নাগরিক অধিকার নিশ্চিত করা।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই না নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে থেকে ধর্ম পালন করতে। আমরা চাই নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে উৎসব পালনে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হবে না।”
ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমি ভেবেছিলাম এবার হয়তো আমাকে এই আনন্দ থেকে বঞ্চিত করা হবে। কিন্তু আমি নাছোড়বান্দা। আমি বলেছিলাম, যাবই। যদিও শারদীয় দুর্গাপূজার সময়ে জাতিসংঘ অধিবেশনে আমাকে নিউইয়র্কে থাকতে হবে, তাই আগেভাগেই আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এসেছি।”
অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহার সঞ্চালনায় বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।





