ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫: জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল সংখ্যানুপাতিক নির্বাচন ও অন্যান্য দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, “আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা চলাকালীন অবস্থায় রাজপথের কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টি করবে, যা গণতন্ত্র ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ—কোনোটির জন্যই ভালো নয়।”
জামায়াতের পক্ষ থেকে আলোচনায় সমাধান না হওয়ায় রাজপথে নামতে হয়েছে—এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, “রাজপথে আসলেই কি সমাধান হবে?” তিনি আরও বলেন, বিএনপি এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে রাজপথে নামেনি, বরং সবকিছু আলোচনা মাধ্যমেই সমাধানের চেষ্টা করছে।
‘পিআরের কোনো প্রয়োজন নেই’
পিআর (Proportional Representation) পদ্ধতি সম্পর্কে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, “আমরা স্পষ্ট বলেছি—বাংলাদেশে পিআরের প্রয়োজন নেই।” তিনি যোগ করেন, জনগণের সমর্থনই আসল ভিত্তি, আর সেটি নির্বাচিত সংসদের মাধ্যমেই আসতে হবে, কারণ সংসদই সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে।
‘রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই’
১৪ দল বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই।”
‘তারেক রহমান শিগগিরই ফিরবেন’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।
জাতিসংঘ অধিবেশন প্রসঙ্গে
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হওয়ার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, “গণতন্ত্রের উত্তরণ ও দেশের উন্নয়নের বিষয়গুলো সেখানে প্রাধান্য পাবে।”
‘দেশের সিদ্ধান্ত দেশেই হবে’
বাইরের প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দেশের সিদ্ধান্ত দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই হবে। “বাইরের কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই।”
সন্ধ্যায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন মির্জা ফখরুল। বিমানবন্দর ও উত্তরা এলাকায় বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।





