খেলার মাঠ ফের শিশুদের দখলে, বিএনপি নেতাদের উচ্ছেদ অভিযানে স্বস্তি এলাকাবাসী

খেলার মাঠ বেদখল মুক্ত হওয়ায় স্থানীয় বিএনপির উপরে সন্তুষ্ট সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০

পুরান ঢাকার লক্ষ্মীবাজারের শিশু-কিশোরদের খেলার মাঠ দখল করে গড়ে ওঠা অস্থায়ী মার্কেট উচ্ছেদ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। সোমবার দুপুরে সূত্রাপুর থানা বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে মাঠটি দখলমুক্ত করা হয়। পরে মাঠের ফটকে ‘শিশুদের খেলাধুলার জন্য সংরক্ষিত’ লেখা ব্যানারও টাঙানো হয়।

স্থানীয়রা জানান, মাঠ ফেরত পাওয়ায় শিশু-কিশোরেরা আগের মতো খেলতে পারবে। তাঁরা ভবিষ্যতে যাতে আর কেউ মাঠ দখল করতে না পারে, সে জন্য সচেষ্ট থাকার আশ্বাস দেন।

এর আগে ২০২১ সালের ১০ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস মাঠটি দখলমুক্ত করেছিলেন। এরপর থেকে মাঠটি প্রতিদিন ফুটবল ও ক্রিকেট খেলার প্রাণকেন্দ্রে পরিণত হয়। তবে সম্প্রতি স্থানীয় বিএনপির পরিচয়ে একটি চক্র মাঠে প্রায় ৩৬টি দোকান বসিয়ে ব্যবসা শুরু করে এবং ভাড়া আদায় করে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বলেন,

‘দলের নাম ভাঙিয়ে মাঠে মার্কেট বসানো হয়েছিল। মহানগরের শীর্ষ নেতাদের নির্দেশে আজ সেটি উচ্ছেদ করা হয়েছে।’

সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম বলেন,

‘মাঠ আবার কেউ দখল করতে পারবে না। ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা মাঠের দেখভাল করবেন।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন,

‘দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে ছাড় পাচ্ছে না, এটা আবারও প্রমাণিত হলো। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পর মহানগরের নেতারা দ্রুত ব্যবস্থা নেন। বিএনপি জনগণের দল—বিএনপি সব সময় জনগণের পাশেই থাকবে। কতিপয় দুষ্কৃতিকারী যারা বিএনপির নামে অন্যায় করবে, জুলুম করবে, অনৈতিক কর্মকাণ্ড করবে—তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

উচ্ছেদ অভিযানে অংশ নেন ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসূদ আফসার, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ৪৩ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক ফয়েজসহ স্থানীয় নেতারা।