নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতকে ঘিরে নিজের নামে কলকাতার দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারকে ‘ভুয়া’ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউইয়র্ক থেকে তিনি বলেছেন, ওই সংবাদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর তথ্য।
নির্বাচনে ৩০টি আসন দাবি করে জামায়াত বিএনপির ওপর চাপ দিচ্ছে— কলকাতার ‘এই সময়’ পত্রিকায় প্রকাশিত এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার নিউইয়র্কে সফররত অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন,
“ওই নিউজটা ফেইক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? এটা উদ্দেশ্যমূলক।”
প্রকাশিত তথ্যে বলা হয়েছিল, জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন দাবি করেছিল। বিএনপি তার চেয়ে কম সংখ্যার প্রস্তাব দেয়, যা জামায়াতের পছন্দ হয়নি। ফখরুল নাকি মন্তব্য করেছিলেন, “জামায়াতকে আর মাথায় উঠতে দেব না।”
এই বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে প্রমাণও চাইছি।”
ভারতের প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। ভৌগোলিক কারণেও প্রভাব থাকবেই। সমস্যা হলো, ভারত শুধু আওয়ামী লীগকেই বাংলাদেশ ভেবে এসেছে। কিন্তু বিএনপি একটি অসাম্প্রদায়িক, মধ্যপন্থী গণতান্ত্রিক দল। জামায়াতের সঙ্গে আমাদের রাজনীতি এক নয়।”
জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, বিএনপি মহাসচিব যে তাচ্ছিল্যের ভাষায় জামায়াতের রাজনীতিকে খাটো করেছেন, তার বিচার জনগণের আদালত করবে।





