যারা ফ্যাসিবাদীর সাথে আঁতাত করেছে তারাই বিশেষ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে নানা প্রচারণা চালানো…

Posted by:

on

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে নানা প্রচারণা চালানো হলেও পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি তৈরি করে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “আমরা পিআর বুঝি না। যেসব দেশে এ পদ্ধতি আছে, তাদের অবস্থাই ভালো নয়। যারা ফ্যাসিবাদীর সাথে আঁতাত করেছে তারাই এ বিশেষ পদ্ধতি চাইছে। নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হবে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ সংলগ্ন কেল্লার মোড় শ্বসান ঘাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজা কমিটির সাথে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিউইয়র্কে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “মির্জা ফখরুলকে ফেলে সবাই চলে গেলেন। প্রধান উপদেষ্টাসহ কয়েকজন নির্বিঘ্নে পার হয়ে গেলেন, কিন্তু বাকিদের হেনস্তা করা হলো। এটা কি অবহেলা নাকি ষড়যন্ত্র?”

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অন্তবর্তীকালীন সরকার হলেও কয়েকটি দল সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এমনকি তিনটি মন্ত্রণালয় সরকারের নিয়ন্ত্রণে নেই। “আমরা চুপ আছি বলে এটিকে দুর্বলতা ভেবে নিলে ভুল হবে।”

পূজাকে কেন্দ্র করে অশুভ চক্রান্তের আশঙ্কা প্রকাশ করে তিনি বিএনপির নেতাকর্মীদের পূজামণ্ডপ পাহারায় থাকার আহ্বান জানান। এছাড়া ধানের শীষের পক্ষে একযোগে প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, সদস্য আনোয়ার পারভেজ বাদল, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনি, রবিন হোসেনসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।