অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে। সেখানে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান চলাকালে ডোনাল্ড ট্রাম্প দম্পতির সঙ্গে মুহাম্মদ ইউনূস ও তাঁর মেয়ে দিনা ইউনূসের একটি ছবি তোলা হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার ভোরে ছবিটি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের পাশে মেলানিয়া ট্রাম্প এবং অপর পাশে অধ্যাপক ইউনূস দাঁড়িয়ে আছেন। ইউনূসের পাশে দাঁড়িয়ে আছেন তাঁর কন্যা দিনা ইউনূস, যিনি শাড়ি পরিহিত অবস্থায় হাসিমুখে উপস্থিত ছিলেন।
ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ছবিটি গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তোলা।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
তাঁর সফরকালে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।





