ঢাকা, ৩০ সেপ্টেম্বর:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার বাম পায়ে আঘাত লাগে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর না হলেও লিগামেন্ট ফাইবারে সমস্যা ধরা পড়েছে। এজন্য অন্তত তিন সপ্তাহ এবং সর্বোচ্চ ছয় সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে যান। পরে বিকেলে রাজধানীর শান্তিনগরে নিজের চেম্বারে যাওয়ার পথে রোড ডিভাইডার পার হওয়ার সময় এক যুবকের পায়ের ওপর তার বাম পা পড়ে যায়। এসময় আকস্মিকভাবে টান লাগায় তিনি ব্যথা অনুভব করেন।
পরবর্তীতে এমআরআই ও এক্স-রে করালে লিগামেন্টে সমস্যা ধরা পড়ে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর) অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের একাধিক চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডে ছিলেন ডা. আশরাফ, ডা. শেখ ফরহাদ, বিভাগীয় চেয়ারম্যান ডা. মো. আনোয়ার উল্লাহ এবং ডা. সেতু প্রমুখ। তারা বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে বিশ্রামের পরামর্শ দেন।
নিজের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, “আমাদের ইউরোলজি বিভাগের অধীনে অনেক রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অপারেশনের তারিখ নির্ধারিত ছিল। আমি হঠাৎ আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্রামে থাকায় রোগীদের অসুবিধার জন্য দুঃখিত। আমার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাই।”





