বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজায় ইসরাইলী হামলার নিন্দা জানালেন খালেদা জিয়া, যুদ্ধ অবসানে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের আহ্বান

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার):
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বেগম খালেদা জিয়া ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানান এবং ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে এই যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ও কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শহীদ জিয়া’র সরকারের সময় বাংলাদেশে ফিলিস্তিন দূতাবাস স্থাপনের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। আর বেগম খালেদা জিয়া’র সরকারের সময় সেই জমিতে ফিলিস্তিন সরকারের জন্য অনুদানে ভবন নির্মিত হয়। এটি ছিল ফিলিস্তিনি জনগণের প্রতি বিএনপি সরকার এবং জিয়া পরিবারের ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।