আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। এ দিন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন মীর হেলাল উদ্দিন। ফলে এ পদে একমাত্র প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর।
অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী।
শুধু তামিম নন, এদিন আরও ১৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এই তালিকায় আছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও।
এখন ভোট হবে বাকি প্রার্থীদের মধ্যে, তবে বেশ কয়েকটি পদে ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন অনেকে।





