স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন, তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে নির্বাচন নিয়ে শঙ্কা ছিলই। কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন, অনেকে নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন। আসলেই তিনি কী বার্তা দিতে চাইছেন, তা এখন প্রশ্ন।”
জয়নুল ফারুক বলেন, পাহাড়ি অঞ্চলের অশান্তি এবং দুর্গাপূজাকে ঘিরে অস্থিরতা তৈরির প্রচেষ্টা জাতীয় নির্বাচন বানচালের অংশ। তিনি অভিযোগ করেন, “দেশে অশান্তি সৃষ্টির মূল শক্তি আওয়ামী লীগ ও ভারত।”
তিনি শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারের অভিযোগ এনে বলেন, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন জরুরি।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, “এক বছর তিন মাস আপনি ক্ষমতায় আছেন। আওয়ামী লীগ সরকারের বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা কতটা ফিরিয়ে আনতে পেরেছেন? ব্যাংকের করুন অবস্থা কেন? জনগণ যদি আপনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখে, তবে প্রশ্ন উঠবে—এই পাঁচ বছরও কি গত এক বছরের মতো চলবে?”
তিনি আরও সতর্ক করে বলেন, “সামনের নির্বাচন আপনার জন্য অগ্নিপরীক্ষা। আপনার আশপাশে অনেক ষড়যন্ত্রকারী আছে।”
সভায় সেনবাগ ফোরামের সভাপতি লায়ন এবি এম ফারুকের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।





