বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দল প্রস্তুতি নেবে তারেক রহমানের নির্দেশনায়।

‘নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে’— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমাদের বার্তা একটাই—আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন, সেইভাবেই আমরা প্রস্তুতি নেবো।”

মির্জা ফখরুল আরও বলেন, “আজকে গণতন্ত্র উত্তরণের এই বিষয়ে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থন সম্পূর্ণভাবেই এখানে রয়েছে।”

গত ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যান। প্রধান উপদেষ্টা দেশে ফেরেন ২ অক্টোবর। বিএনপি মহাসচিব দলীয় একটি অনুষ্ঠান শেষে একদিন পর দেশে ফেরেন।

প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

জাতিসংঘ সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা সফরসঙ্গী হয়েছিলাম। আমাদের যতটুকু দায়িত্ব পালনের কথা ছিল, আমরা পালন করেছি। আমি মনে করি, আমাদের এই সফর সফল হয়েছে। এই প্রথমবারের মতো অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য কয়েকটি রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়েছেন। সেদিক থেকেও সফর সফল হয়েছে।”

তিনি আরও বলেন, “জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন সভায় বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে। এটি গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।”

নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পর হেনস্তার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমরা এগুলো বড় করে দেখি না। এটা আওয়ামী লীগের একটা কালচার।”