সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে নৃশংসভাবে হত্যা

অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের হামলায় নিহত, খুনিদের শনাক্তে পুলিশ তৎপর

আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি
বাগেরহাট, ৪ অক্টোবর ২০২৫ :

বাগেরহাটের সাহসী কলম সৈনিক, দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্ট্যাফ রিপোর্টার এস এম হায়াত উদ্দিন (৪২) প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক ও গোটা বাগেরহাট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে হাড়িখালি প্রাইমারি স্কুল মোড়ে সিদ্দিকের চায়ের স্টলে বসে ছিলেন সাংবাদিক হায়াত। এসময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে তারা বীরদর্পে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনায় রেফার্ড করলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান জানান, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শামীম হাসান জানিয়েছেন, হামলাকারীদের একজনকে শনাক্ত করা গেছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাহসী ও সৎ সাংবাদিক হিসেবে পরিচিত এস এম হায়াত উদ্দিন মাদক ব্যবসা, ঠিকাদারি দুর্নীতি, রাজনৈতিক সন্ত্রাসসহ নানা অনিয়ম নিয়ে সরব ছিলেন।

নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত হায়াত হাড়িখালি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক, প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।