স্বচ্ছভাবে ‘আয়নার মতো পরিস্কার’ নির্বাচন করতে চাই: সিইসি

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে নির্বাচন কমিশনের সংলাপে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য

Posted by:

on

ঢাকা, ৬ অক্টোবর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, “আমরা স্বচ্ছভাবে, আয়নার মতো পরিস্কার নির্বাচন করতে চাই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। আগামী নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই, যাতে সারা বিশ্ববাসী তা দেখতে পারে। এজন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য সাংবাদিকদের পরামর্শ চাই। একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই। কারণ আপনারা মিস ইনফর্মেশন ও ডিসইনফর্মেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

সভায় নির্বাচন কমিশনাররা ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, সকালে ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক এবং বিকেলে প্রিন্ট মিডিয়ার ১৫ জন সাংবাদিক সংলাপে অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাংবাদিক, পর্যবেক্ষক ও নারী নেত্রীসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন।

গত ২৮ সেপ্টেম্বর থেকে এ সংলাপ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, “সুষ্ঠু গণতন্ত্রের জন্য কার্যকর গণমাধ্যম অপরিহার্য।”

সংলাপে আরও বলা হয়, নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।