ইসরায়েলি বাহিনীর হাতে শহিদুল আলমের আটক নিয়ে ক্ষোভ প্রকাশ ছাত্রদল’র, অবিলম্বে মুক্তির দাবি

গাজামুখী জাহাজে আটক শহিদুল আলমের মুক্তি দাবি জেসিডি’র; মানবাধিকার ও সাংবাদিকদের নিরাপত্তায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান।

Posted by:

on

ঢাকা, ৮ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) গাজামুখী জাহাজে থাকা অবস্থায় সাংবাদিক শহিদুল আলমকে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে শহিদুল আলমের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক এই আটক একটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন এবং একজন সাংবাদিক ও বাংলাদেশি নাগরিক হিসেবে শহিদুল আলমের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদার পরিপন্থী।

জেসিডি’র পক্ষ থেকে বলা হয়, শহিদুল আলম দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। গাজায় মানবিক সহায়তা মিশনে অংশগ্রহণ তার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও মানবতার প্রতি প্রতিশ্রুতির প্রকাশ। তাকে আটক করা শুধু তার ওপর নয়, বরং বিশ্বব্যাপী মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

জেসিডি তাদের বিবৃতিতে চার দফা দাবি জানিয়েছে:

1️⃣ শহিদুল আলমের তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি এবং নিরাপদে বাংলাদেশে ফেরত পাঠানো।
2️⃣ আটক থাকা অবস্থায় তার সব মৌলিক অধিকার ও কনস্যুলার সহায়তা নিশ্চিত করা।
3️⃣ ঘটনাটির আন্তর্জাতিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা।
4️⃣ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শান্তিপ্রিয় কর্মীদের নিরাপদে কাজ করার পূর্ণ নিশ্চয়তা দেওয়া।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহিদুল আলমের প্রতি অটল সংহতি জানায় এবং গাজায় মানবিক মিশনে থাকা অন্যান্য কর্মীদের পাশে রয়েছে। সংগঠনটি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব গণতান্ত্রিক দেশগুলোকে শহিদুল আলমের অবিলম্বে মুক্তি, সুরক্ষা ও ন্যায়ের দাবিতে একযোগে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

বিবৃতির শেষে বলা হয় —
“Free Shahidul, Free Palestine.”

বিবৃতিতে স্বাক্ষর করেছেন জেসিডি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।