সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাগেরহাটে পুলিশের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাগেরহাটে পুলিশের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা; জানুয়ারি পর্যন্ত চলবে ২৯ ব্যাচের প্রশিক্ষণ।

Posted by:

on

আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি
বাগেরহাট, ৮ অক্টোবর ২০২৫:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ পর্যায়ের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাগেরহাট নতুন পুলিশ লাইন্সে আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালার এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। কর্মশালায় জেলার বিভিন্ন থানার ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন,

“আসন্ন এই নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে।”

তিনি আরও বলেন, পুলিশের জন্য এ নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং অতীতের গৌরব ফিরিয়ে আনতে প্রতিটি সদস্যকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।

“একজন ভোটার যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তার ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করা পুলিশের নৈতিক দায়িত্ব,” — যোগ করেন পুলিশ সুপার।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। এর মাধ্যমে পুলিশের মর্যাদা, দক্ষতা ও পদোন্নতির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ মহিদুর রহমান, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান নিউজ চ্যানেল বিডি কে জানান,

বাগেরহাট জেলা পুলিশের ১১ জন অফিসার খুলনা ডিআইজি কার্যালয়ের অধীনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তারা প্রশিক্ষক হিসেবে বাগেরহাটে জানুয়ারি পর্যন্ত মোট ২৯টি ব্যাচে প্রতি ব্যাচে ৫০ জন করে পুলিশ সদস্যকে তিন দিন মেয়াদী কর্মশালা পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণে পুলিশের পাশাপাশি সিআইডি, ডিএসবির, পিবিআইসহ গোয়েন্দা সংস্থার তিনটি টিম অংশ নেবে। সারা দেশব্যাপী পুলিশের এ প্রশিক্ষণ কর্মসূচি গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যার আওতায় মোট ১৪,৫০ জন পুলিশ সদস্য অংশ নেবেন।