পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধ, লেফটেন্যান্ট কর্নেলসহ ১১ সেনা নিহত

খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংঘর্ষে প্রাণহানি; পাল্টা অভিযানে ১৯ জঙ্গি নিহত

Posted by:

on

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানের সময় সশস্ত্র জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) ভোরে আফগানিস্তান সীমান্তসংলগ্ন ওই এলাকায় এই সংঘর্ষ ঘটে। এ সময় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ১৯ জঙ্গি নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে সংগঠনটি।

নিহত সেনাদের মধ্যে রয়েছেন —
লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ আরিফ (৩৯), মেজর তায়েব রাহাত (৩৩), নায়েব সুবেদার আজম গুল (৩৮), নায়েক আদিল হুসাইন (৩৫), নায়েক গুল আমির (৩৪), ল্যান্স নায়েক শের খান (৩১), ল্যান্স নায়েক তালিশ ফারাজ (৩২), ল্যান্স নায়েক ইরশাদ হুসাইন (৩২), সিপাহী তুফায়েল খান (২৮), সিপাহী আকিব আলী (২৩) ও সিপাহী মোহাম্মদ জাহিদ (২৪)।

রয়টার্স জানিয়েছে, জঙ্গিরা প্রথমে একটি সামরিক মহড়ার লক্ষ্য করে রাস্তার পাশে বোমা হামলা চালায়, এরপর গুলি ছোড়ে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাদের বীরত্ব ও ত্যাগের প্রশংসা করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে জাতি ঐক্যবদ্ধ থাকবে।

এদিকে, এলাকায় বাকি জঙ্গিদের নির্মূল করতে সেনাবাহিনী “স্যানিটাইজেশন অপারেশন” চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি পাকিস্তানের সরকারি বাহিনীর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, এই গোষ্ঠী আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানে হামলা চালায় এবং এতে ভারতের সহায়তা রয়েছে—যা অস্বীকার করেছে কাবুল ও নয়াদিল্লি।