সীমিত লোকবলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা এনামুল কবির রূপমের প্রশ্নের জবাবে উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম বলেন, জনগণের সহযোগিতা পেলে নৈরাজ্যকর কর্মকাণ্ড একসময় পুরোপুরি বন্ধ হবে।

ছবি ভিডিও থেকে নেয়া

Posted by:

on

চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা এনামুল কবির রূপম মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলমের কাছে জানতে চান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে গেলেও একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির জন্য ঝটিকা মিছিলসহ বিভিন্ন আয়োজন করছে। সীমিত লোকবল নিয়ে কাজ করা সত্ত্বেও কেন এসব কর্মকাণ্ড ঠেকানো যাচ্ছে না?

উপদেষ্টা জবাবে বলেন, “মিছিলের সংখ্যা আগের তুলনায় অনেক কমে এসেছে এবং ভবিষ্যতে আরও কমবে।” তিনি আরও জানান, “একবার ২৪০ জনকে হাতেনাতে ধরার পর থেকে এসব নৈরাজ্যকর কর্মকাণ্ডের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। জনগণের সহযোগিতা পেলে এই ধরনের পরিস্থিতি একসময় পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”

তিনি উল্লেখ করেন, অপরাধের সংখ্যাও ধীরে ধীরে কমছে। তবে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর প্রশাসনিক ভূমিকার কারণে নতুন কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা থাকলে নির্বাচন ভালোভাবে সম্পন্ন করা সম্ভব।”

তিনি জোর দিয়ে বলেন, “সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন অন্য কোনো বিষয় গুরুত্বপূর্ণ থাকে না।”