বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ

বাংলাদেশে জার্মান বিনিয়োগ সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

Posted by:

on

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মানির নতুন রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান,

“নতুন রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ (কল অন) করতে এসেছেন। বাংলাদেশ-জার্মানির ভবিষ্যৎ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়নে স্কিল ডেভেলপমেন্ট-কে অগ্রাধিকার দেওয়া হবে।

“প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (AI) দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে চাই। এই ক্ষেত্রে জার্মানির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করেছি, কিভাবে ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্টে যৌথভাবে কাজ করা যায়।”

আমীর খসরু জানান, বাংলাদেশে জার্মান বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

“জার্মান বিনিয়োগকারীরা ইতিমধ্যে চীন ও ভারতে বিনিয়োগ করেছে। এখন তারা মনে করছে বাংলাদেশ আগামী দিনের জন্য একটি ভালো বিনিয়োগ গন্তব্য হতে পারে।”

তিনি আরও বলেন, বিএনপি ইতিমধ্যে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের কর্মপরিকল্পনা সব বিদেশি দূতাবাসে পাঠিয়েছে।

“সব দেশই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে তারা এখন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় আছে। সবাই চায় একটি সুষ্ঠু, অবাধ ও জবাবদিহিমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আসুক, যাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া যায়।”