গরু ছাড়াই ঘানি টানা প্রবীণ দম্পতির পাশে তারেক রহমান

মানবিক উদ্যোগে সহায়তা পৌঁছে দিলেন রুহুল কবির রিজভী, দু’টি অটোভ্যান ও গরু কেনার অর্থ হস্তান্তর

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫:
গরু ছাড়াই ঘানি টেনে জীবিকা নির্বাহ করা এক প্রবীণ দম্পতির পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে ‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানছেন প্রবীণ দম্পতি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করতে।

তার নির্দেশনা অনুযায়ী আজ (বৃহস্পতিবার) বেলা ১২টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে প্রবীণ মোস্তাকিন আলী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর বাড়িতে গিয়ে তার ৩০ বছরের স্মৃতিবিজড়িত ঘানি পরিদর্শন করেন।

এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি। পরে মোস্তাকিন আলী দম্পতির হাতে ‘ঘানির জন্য গরু’ কেনার নগদ অর্থ এবং তাদের পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারিচালিত দু’টি অটোভ্যানের চাবি হস্তান্তর করেন রুহুল কবির রিজভী।

মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খ্যাতিমান সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল-মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে একই অনুষ্ঠানে ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুর জেলার শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবু-এর পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে আর্থিক অনুদান প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।