স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
তারিখ: ১১ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মহল আগামী জাতীয় নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করছে। তবে লন্ডনে সাম্প্রতিক বৈঠকের পর আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যারা আমাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কীভাবে আমাদেরকে বিপদে ফেলা যায়। আমরা ফারাক্কার ন্যায্য হিস্যা পাইনি, তিস্তার পানির হিস্যাও পাইনি।”
তিনি আরও বলেন, “আমরা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হব না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে বিএনপিকে দুর্বল ও কোণঠাসা করার জন্য। কিন্তু জনগণের শক্তিই আমাদের আসল ভরসা।”
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি মহাসচিব বলেন, “শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছি যেন তিনি একটি নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠন করেন, যার তত্ত্বাবধানে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে শতভাগ নিরপেক্ষ থাকার জন্য। “উপদেষ্টা মণ্ডলীর কিছু সদস্যের নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের মানুষ শুনতে চায় না। জনগণ চায় সম্পূর্ণ নিরপেক্ষতা ও নিরপেক্ষ নির্বাচন।”
এ সময় তিনি ১৫ বছরের আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে বলেন, “আমাদের লক্ষ্য একটাই— গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করা।”





