মির্জা ফখরুল: ফ্যাসিস্টদের কবলে যেনো আর না পড়ি, গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য— ফেব্রুয়ারির নির্বাচনে নির্ধারিত হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ

Posted by:

on

ঠাকুরগাঁও, ১৪ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগটা পেয়েছি, সেটা যেন ভুলবশত না হারাই। ফ্যাসিস্টদের কবলে যেন আর না পড়ি। মানুষ আর ফ্যাসিস্টদের দেখতে চায় না।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “ফেব্রুয়ারিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত দল। বেগম খালেদা জিয়া ছয় বছর কারাভোগ করেছেন, গুম-খুন-নির্যাতন হয়েছে, তারেক রহমান নির্বাসিত জীবনযাপন করছেন— এখনও ফিরতে পারেননি।”

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এখন একটি গণতান্ত্রিক সরকার চায়, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে। “যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ এখন ভিন্নমত দিচ্ছেন। অথচ রাজপথে যেসব দাবিতে আন্দোলন হয়েছে, সেগুলোর সমাধান নির্বাচিত পার্লামেন্টেই করতে হবে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার বিএনপি চায়। জিয়াউর রহমানের হাত ধরেই সংস্কারের সূচনা হয়েছিল, যা আজও চলমান। আমাদের সামনে কঠিন পরীক্ষা— গণতন্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কারণ, গণতন্ত্রই একমাত্র পথ যা মানুষের ইচ্ছার বিকাশ ঘটাতে পারে।”

মির্জা ফখরুল গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “চটকদার সংবাদ নয়, দেশের কল্যাণে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেন সবাই দায়িত্বশীল আচরণ করে।”

তিনি আরও জানান, সাংবিধানিক পরিবর্তনের জন্য যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে একমত হওয়া বিষয়গুলো নিয়ে আগামী ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো একটি সনদে সাক্ষর করবে।
আর যেসব বিষয়ে মতভেদ রয়েছে, সেগুলো নিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের ম্যান্ডেটেই তা নিষ্পত্তি হবে।

গণভোট প্রসঙ্গে ফখরুল বলেন, “বিএনপি মনে করে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে পারে। গণতন্ত্রের বিকল্প কেবল গণতন্ত্রই।”