স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় রাজধানীর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই অনুযায়ী আজ রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।”
দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল বোর্ডের সদস্যরা নিয়মিতভাবে গুলশানের বাসায় চিকিৎসা দিচ্ছেন।





