স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
ঢাকা, ১৭ অক্টোবর ২০২৫
মূল প্রতিবেদন:
জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে বৃহস্পতিবারের (১৬ অক্টোবর) আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের পর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫নং দফায় সংশোধন আনা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ (শুক্রবার) রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশে এসব তথ্য জানান।
তিনি বলেন, “জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে অঙ্গীকারনামার ৫নং দফায় প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে।”
ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক রীয়াজ অনুষ্ঠানে সংশোধিত ৫নং দফার ভাষ্য পড়ে শোনান।
সংশোধিত দফায় বলা হয়েছে—
“গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যার বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবার ও জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আহত বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন, আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “কমিশন এই অঙ্গীকারনামা সরকারের সামনে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের মধ্যে কোনো মতপার্থক্য নেই।”





