বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত: মির্জা ফখরুল

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে বিএনপি

Posted by:

on

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ : নিউজ চ্যানেলবিডি,

দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো সমর্থন করেন।

বিবৃতিতে তিনি বলেন,

“সর্বস্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার হলো—

যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা,

শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা,

তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।”

তিনি আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যেকোনো উদ্যোগ সফল করতে হলে শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ–সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি। অন্যথায় কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।

বিএনপি মহাসচিব বলেন,

“জনগণের ভোটে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।”

তবে তিনি সতর্ক করে বলেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না।

“আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি দৃঢ় অবস্থান নেবে,”—বলেন মির্জা ফখরুল।