শিক্ষকদের দাবি আদায়ে যদি যমুনা-সচিবালয় ঘেরাও করা লাগে, আমরাও সেই আন্দোলনে থাকবো: রাশেদ খাঁন

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫, নিউজ চ্যানেল বিডি:আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ…

Posted by:

on

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫, নিউজ চ্যানেল বিডি:
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে হাইকোর্টের সামনে অবস্থানরত শিক্ষকদের আন্দোলনে যোগ দিয়ে তিনি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

রাশেদ খাঁন বলেন, “শিক্ষকরা দুর্নীতি করেন না, অন্যায় করেন না। কিন্তু আমলাদের অনেকেই দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায় — শিক্ষকরা কী পায়? শিক্ষকদের বেতন-ভাতা অবশ্যই বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের দাবি কোনো অযৌক্তিক নয়। তাদের মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দেওয়া উচিত। তারা দীর্ঘদিন আন্দোলন করছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বুঝছেন না?”

রাশেদ খাঁন বলেন, “শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছেন ‘সি আর আবরার, আর নাই দরকার’ — এটা আমাদের জন্য লজ্জার, সরকারের জন্যও লজ্জার। শিক্ষকদের বলবো, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের দাবি আদায়ে যদি সচিবালয় বা যমুনা ঘেরাও করা লাগে, আমরাও আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের ন্যায্য দাবির ক্ষেত্রে কোনো তালবাহানা বরদাস্ত করা হবে না। গণঅধিকার পরিষদ শিক্ষকদের সঙ্গে আছে।”