৭ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

৩৬টি ইউনিটের তৎপরতায় আগুন নিভে গেছে; আন্তর্জাতিক ফ্লাইটগুলো ফিরে আসছে ঢাকায়

ছবি:তারেক রহমানের ফেইসবুক থেকে নেয়া

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (নিউজ চ্যানেল বিডি):

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট চলাচল ছয় ঘণ্টা পর আবার শুরু হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, শনিবার রাত ৯টা ৬ মিনিটে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়, যা ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত দেয়।

শাহজালাল কর্তৃপক্ষ জানায়, রাত ৯টা ৬ মিনিট থেকে আধা ঘণ্টার মধ্যে তিনটি ফ্লাইট ছেড়ে গেছে, এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে অবতরণের জন্য বার্তা দেওয়া হয়েছে। রাত সাড়ে ১০টার মধ্যে কয়েকটি ফ্লাইট নামতেও দেখা গেছে। তবে ফ্লাইট চলাচল শুরু হলেও বিমানবন্দরের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

বিদেশগামী যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা শেষে বিমানবন্দরে ভিড় করে আছেন।

এদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকায় রানওয়ে চালু হওয়ায় ডাইভার্ট হয়ে আসা ফ্লাইটগুলো দ্রুত ঢাকায় ফিরে যাবে। রাত ৯টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশের সিঙ্গাপুর–ঢাকা ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এর আগে শনিবার বেলা সোয়া ২টার দিকে শাহজালালের আমদানি কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অংশে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, পাশাপাশি সিভিল অ্যাভিয়েশন, আনসার, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেন।

অগ্নিকাণ্ডের কারণে বেলা সাড়ে ৩টা থেকে বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়।
ঢাকায় অবতরণ করতে না পেরে এক ডজনের বেশি ফ্লাইট অন্যত্র চলে যায়। এর মধ্যে আটটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।

চট্টগ্রামে অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে ছিল—

ইউএস–বাংলা এয়ারলাইনসের ব্যাংকক–ঢাকা রুটের ফ্লাইট,

এয়ার অ্যারাবিয়ার শারজাহ–ঢাকা রুটের দুটি ফ্লাইট,

বিমান বাংলাদেশের সৈয়দপুর–ঢাকা ফ্লাইট।

দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগো ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে।
ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ ছিল।
হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমান অবতরণ না করতে পেরে অন্য বিমানবন্দরে যায়।

পরে রাত ৯টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বার্তায় জানায়,

“ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।
বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”