মেট্রোরেলের স্টেশনে ঢুকে বের হলে দিতে হবে জরিমানা

একই স্টেশনে প্রবেশ করে বেরিয়ে গেলে ১০০ টাকা কাটা হবে, বাতিল হলো আগের ফ্রি এক্সিটের সুযোগ

ফাইল ছবি

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২১ অক্টোবর, মঙ্গলবার | নিউজ চ্যানেল বিডি

মেট্রোরেলের যাত্রীরা এখন থেকে কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশ করার পর যাত্রা না করে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা ভাড়া।

এর আগে কেউ স্টেশনের ভেতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হতো না। তবে নতুন নিয়মে সেই সুবিধা বাতিল করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নিয়মের নোটিশ ইতোমধ্যে রাজধানীর সব মেট্রোরেল স্টেশনে টাঙানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে দেখা যায়, প্রবেশদ্বারে এ–সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে।

কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা জানান, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এন্ট্রি ও এক্সিট নেওয়া যাবে না। গতকাল থেকে নিয়মটি কার্যকর হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তিনি নতুন নিয়ম সম্পর্কে অবগত নন। তিনি জানান, “আমরা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি।”

ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে,

“সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”
— আদেশক্রমে, ডিএমটিসিএল কর্তৃপক্ষ।