ডিপিডিসির নতুন এমডি প্রকৌশলী বি এম মিজানুল হাসান

গ্রাহকসেবার মান বৃদ্ধি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রথম লক্ষ্য

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর, বুধবার | নিউজ চ্যানেল বিডি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী বি এম মিজানুল হাসান। তিনি এর আগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রকৌশলী বি এম মিজানুল হাসান যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এমডি পদে দায়িত্ব পালন করবেন।

পরিপত্র জারির পরে গণমাধ্যমকে এবিএম মিজানুল হাসান জানান

“বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আমার মেধা ও যোগ্যতা মূল্যায়ন করে আমাকে এ পদে নিয়োগ দিয়েছেন। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। আমার প্রথম কাজ হবে গ্রাহকসেবার মান বৃদ্ধি করা। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রকৌশলী ও কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।”

এর আগে বুধবার বিকেল ৩টায় বিদ্যুৎ মন্ত্রণালয়ে ডিপিডিসির এমডি নিয়োগে দুই প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এ পদে অপর প্রার্থী ছিলেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সাবেক নির্বাহী পরিচালক (অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) মো. শরিফুল ইসলাম।

সাক্ষাৎকার গ্রহণকালে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারহানা মমতাজ, ডিপিডিসির বোর্ড চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক, এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম।

গত ২৬ সেপ্টেম্বর ডিপিডিসির প্রধান কার্যালয়ে প্রার্থীদের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কমিটির সুপারিশ ক্রমে মিজানুল হাসানকে তিন বছরের জন্য ডিপিডিসির এমডি দায়িত্ব দেয়া হয়।