আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বিএনপি

চলতি মাসেই আড়াইশ আসনে একক প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি, নির্ভার ৬০টি আসনে সিনিয়র নেতারা

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২৩ অক্টোবর, বৃহস্পতিবার | নিউজ চ্যানেল বিডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, আড়াইশ আসনে শিগগিরই একক প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

দলের হাইকমান্ড ৬০টি আসন নিয়ে একেবারেই নির্ভার, কারণ এসব আসনে সিনিয়র ও জনপ্রিয় নেতারা একক প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। কিছু আসনে মিত্র দলগুলোর জন্য আসন সমঝোতা বা ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি জোটের কয়েক শীর্ষ নেতার আসনে দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

চলতি মাসেই অন্তত ২৫০টি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে এসব নাম প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, নির্বাচনি ঐক্য রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবার প্রার্থীদের সমন্বিতভাবে মাঠে নামার বার্তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি আসনের প্রার্থীদের হাইকমান্ড ফোনে নির্দেশ দিয়েছে নির্বাচনি প্রচারণা শুরু করতে, এবং অনেকে ইতোমধ্যে মাঠে নেমেও পড়েছেন।

এদিকে প্রতিদিনই চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে। বৈঠকে প্রার্থীদের ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ঐক্য বজায় রাখা এবং মনোনয়ন না পাওয়া ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে।
তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, যেসব আসনে বিএনপি নির্ভার—
ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), মির্জা আব্বাস (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (ভোলা-৩), বরকতউল্লা বুলু (নোয়াখালী-৩), মো. শাহজাহান (নোয়াখালী-৪), শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩), মিয়া নুরুউদ্দিন অপু (শরীয়তপুর-৩), আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩), অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩), রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১), রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩), ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২), ফজলুল হক মিলন (গাজীপুর-৫), আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫), আমিনুল হক (ঢাকা-১৬), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪) —সহ অন্তত ৬০টি আসন নিয়ে নির্ভার বিএনপি।

এর বাইরে থাকা আসনগুলোয় ধীরে ধীরে একক প্রার্থী নির্ধারণের কাজ এগিয়ে চলছে বলে সূত্র জানিয়েছে।

সোমবার গুলশান কার্যালয়ে মাগুরা, চট্টগ্রাম ও সুনামগঞ্জের কয়েকটি আসনের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
সব বৈঠকেই জানানো হয়েছে, খুব শিগগিরই একক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে।