ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করল সৌদি এয়ারলাইন্স ফ্লাইএডিল

কম খরচে সরাসরি যাত্রী পরিবহন, সপ্তাহে দুই ফ্লাইট চালাবে সাউদিয়ার সহকারী প্রতিষ্ঠান ফ্লাইএডিল

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর, বুধবার | নিউজ চ্যানেল বিডি

ঢাকা-জেদ্দা রুটে কম খরচে সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি আরবের স্বল্পমূল্যের এয়ারলাইন্স ফ্লাইএডিল (flyadeal)। বুধবার (২২ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইএডিলের প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সৌদি এয়ারলাইন্সটির এই সহকারী প্রতিষ্ঠান।

বাংলাদেশে ফ্লাইএডিলের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

ফ্লাইএডিল সৌদি আরবের জাতীয় এয়ারলাইন্স সাউদিয়া–এর একটি সহকারী প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের দ্রুতবর্ধনশীল স্বল্পমূল্যের এয়ারলাইন্সগুলোর মধ্যে অন্যতম এই সংস্থাটি। যদিও এটি একটি ‘লো-কস্ট’ এয়ারলাইন, যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং লাগেজ বহনের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

নতুন এই রুট চালুর ফলে ভ্রমণ ব্যয় কিছুটা কমবে এবং বাংলাদেশ–সৌদি অ্যাভিয়েশন বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ফ্লাইএডিল সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে। জেদ্দা থেকে ফ্লাইট এফ৩–৯১১২ স্থানীয় সময় রাত দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে, আর ফিরতি ফ্লাইট এফ৩–৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ১টায়।

#flyadeal #Dhaka #Saudi