একাত্তরের মামলায় বিএনপি-জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড ‘মিথ্যা মামলা’: মির্জা ফখরুল

আওয়ামী লীগ আমলে নিপীড়ন-গুম-হত্যার অভিযোগ তুলে ধরলেন বিএনপি মহাসচিব

Posted by:

on

স্টাফ রিপোর্টার | শনিবার, ২৫ অক্টোবর | নিউজ চ্যানেল বিডি

ঢাকা:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ‘মিথ্যা মামলায়’ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ওই পত্রিকার প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী

বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ আমলে নিপীড়ন-গুম-হত্যা বাংলাদেশে এক ভয়াবহ রূপ নিয়েছে। স্বাধীনতার পর ১৯৭৫ সালেই গণমাধ্যমের ওপর দমন-পীড়ন শুরু হয়। পরে শেখ হাসিনার শাসনকালে বিএনপির ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ নেতা–কর্মীকে গুম করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আলেম–ওলামা, জামায়াতের নেতারা, মাওলানা কামারুজ্জামান, মীর কাসেম আলী—যিনি এই পত্রিকার প্রকাশক ছিলেন—এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব ছিল রাজনৈতিক প্রতিহিংসার অংশ।”

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। সেই বিচারে জামায়াত ও বিএনপি–সংশ্লিষ্ট একাধিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরে তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা বিশ্বাস করি, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”