স্টাফ রিপোর্টার | ২৬ অক্টোবর ২০২৫, রোববার | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে।
সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী নিহত ব্যক্তির নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে।
দুর্ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি জানান, নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের মধ্যে কর্মক্ষম কেউ থাকলে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, “নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। আহতদের চিকিৎসার দায়িত্বও আমরা নিচ্ছি, আমি নিজে হাসপাতালে যাচ্ছি তাদের খোঁজ নিতে।”
এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।





