জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে: সালাহউদ্দিন আহমদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট উপেক্ষার অভিযোগ বিএনপি নেতার

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২৮ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেলবিডি

জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, তার প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কার্যক্রম শেষ করায় ঐকমত্য কমিশনকে ধন্যবাদও জানান এই বিএনপি নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরিত সনদবহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদে ৮৪টি দফা রয়েছে। সেখানে বিভিন্ন দফায় আমাদের ও অন্যান্য দলের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট আছে। সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের নির্বাচনী ইশতেহারে তা তুলে ধরে ম্যান্ডেট পেলে সেই অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। অথচ আজ যে সুপারিশমালা জমা দেওয়া হলো, সেখানে এই নোট অব ডিসেন্ট–এর কোনো উল্লেখ নেই, যা বিস্ময়কর।”