স্টাফ রিপোর্টার | ২৯ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশমালা ‘প্রতারণামূলক’ অভিযোগ করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় ঐক্যমত্য কমিশন প্রণীত সুপারিশমালা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের জাতীয় ঐকমত্য কমিশন তাদের রিকমেন্ডেশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টারও সই আছে। কিন্তু আমরা বিস্মিত হয়েছি, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি থাকলেও তা বাদ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছিল কেন? আমি বলব জনগণের সঙ্গে এটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। এগুলো অবিলম্বে সংশোধন করা প্রয়োজন।”
এ সময় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপি মহাসচিব বলেন, “আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে, আপনি সত্যিকার অর্থে সংস্কারের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। যদি এর বাইরে যান, তার দায় সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে।”
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক এহসান মাহমুদের রচিত ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তবর্তী আমলে বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে সুপারিশমালা হস্তান্তর করে। সুপারিশে বলা হয়, সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন হবে। ওই আদেশ জারির পর জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।
তবে এই গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। জামায়াতে ইসলামী চায় আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে এই নভেম্বরেই গণভোট অনুষ্ঠিত হোক, কিন্তু বিএনপি এই দাবিতে ‘দুরভিসন্ধি’ দেখছে। তাদের দাবি, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা যুক্তিসঙ্গত।
‘সংস্কারের মধ্য দিয়ে বিএনপির যাত্রা’
বিএনপি মহাসচিব বলেন, “আমাদের ৩১ দফা সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম। অথচ একটি প্রচারণা চালানো হচ্ছে বিএনপি নাকি সংস্কারবিরোধী। এটা সম্পূর্ণ মিথ্যা। বিএনপিই দেশে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে।”
‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্র’
ফখরুল আরও বলেন, “নির্বাচন যত দেরি হচ্ছে, ততই ফ্যাসিবাদী শক্তিগুলো শক্তিশালী হচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই জনগণের পার্লামেন্ট গঠিত হতে হবে, যাতে দেশের সংকটগুলোর সমাধান হয়।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, লেখক এহসান মাহমুদ, ও সাংবাদিক শাহনাজ মুন্নী প্রমুখ।





