স্টাফ রিপোর্টার | ঢাকা | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশের জামায়াতে ইসলামি সংস্কারের পক্ষে থাকার ভান করছে, কিন্তু বাস্তবে তারা সিট–বার্গেইনের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সভায় তিনি বলেন,
“জামায়াত এমন একটা ভাইব দেয় যে তারা সংস্কারের পক্ষে। কিন্তু বাস্তবে তারা বিএনপির মতো সরাসরি না বললেও অন্তরে সংস্কারের বিপক্ষেই। বিএনপি অন্তত প্রকাশ্যে বলে তারা সংস্কারের বিপক্ষে, কিন্তু জামায়াত মুখে বলে সংস্কারের পক্ষে—ভেতরে পুরো উল্টো।”
নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন,
“আমরা এখনো সুপারিশ বা আদেশের বিষয়ে একমত হতে পারিনি। কিন্তু এর মধ্যেই জামায়াত গণভোটের প্রশ্নটা সামনে এনে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে।”
তিনি প্রশ্ন তোলেন—
“গণভোট হলে জামায়াত কি ৩০০ সিট পেয়ে যাবে? সেটা তো বাংলাদেশে সম্ভব নয়। আমরা আগেও বলেছি, গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়ী হয়, সেটা জনগণের জয় হবে, জামায়াতের নয়।”
এনসিপি নেতা বলেন,
“জামায়াত ভণ্ডামি করছে। মুখে সংস্কারের কথা বলে, আসলে লোয়ার হাউসে কিছু সিট বাড়ানোর জন্য বিএনপির সঙ্গে দরকষাকষি করছে। বিএনপি এসেছে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে, জামায়াত এসেছে লোয়ার হাউজের পিআর প্রশ্ন নিয়ে। দু’দলই সরকারের সঙ্গে বার্গেইন করতে চাইছে—কোথায় ডিসি বা এসপি নিয়োগ দেওয়া হবে, সেসব নিয়ে।”
তিনি বলেন,
“জাতি যখন সংকটে, তখন এই দুই দল—বিএনপি ও জামায়াত—বাংলাদেশকে নতুন এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। অথচ জনগণ পরিবর্তন চায়, সংস্কার চায়।”
নিজেদের অবস্থান তুলে ধরে নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন,
“আমরা এনসিপির পক্ষ থেকে জনগণের কাতারে আছি। আমাদের গডফাদার নেই—আছে শ্রমিক, নারী, হিন্দু সমাজ ও প্রান্তিক মানুষের সমর্থন। আমরা চাই এই জনগণের শক্তিতে নতুন বাংলাদেশ গড়তে।”
জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“ভণ্ডামি বন্ধ করুন। ১৯৭১ সালে যেমন উল্টাপাল্টা কাজ করেছিলেন, এখন ২০২৪-২৫ সালে আবার একই পথে হাঁটছেন। গণভোট নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সংস্কারের পথ খুঁজুন। নোট অব ডিসেন্ট বা আদেশ কবে, কীভাবে, কোথায় জারি হবে—সেই বাস্তব প্রক্রিয়ায় মনোযোগ দিন।”
তিনি আরও বলেন,
“জামায়াতের বর্তমান দাবিগুলো—লোয়ার হাউজে পিআর সিট বাড়ানো ও গণভোট আগে দেওয়ার প্রস্তাব—এগুলো কেবল রাজনৈতিক ভণ্ডামি, সংস্কারের নামে দরকষাকষি।”





