১৮ মাসে ১ কোটি মানুষের কর্ম সংস্থান হবে: খসরু

বিএনপি ক্ষমতায় গেলে ‘সবার জন্য অর্থনীতি’ চালু হবে, বললেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

Posted by:

on

স্টাফ রিপোর্টার, রাজশাহী | ১ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ১৮ মাসে নতুন করে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ‘রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ রাজশাহীর ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, “সরকারের বিভিন্ন সেক্টরের নিয়ন্ত্রণ কমিয়ে পার্টনারশিপ, এনজিও ও বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করলে মানুষের ভোগান্তি কমবে। সব ব্যবসা-বাণিজ্য ঢাকা কেন্দ্রীক, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি অঞ্চলকে ক্ষমতায়ন করতে হবে।”

তিনি বলেন, অতীতের অর্থনৈতিক মডেল সাধারণ মানুষের জন্য কাজ করেনি, বরং একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ‘সবার জন্য অর্থনীতি’ চালু করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, “দুই থেকে তিনটি দলের মতামত জোর করে বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। যারা নির্বাচনকে বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

ঐকমত্য কমিশন প্রসঙ্গে খসরু বলেন, “ঐকমত্য হয়েছে, সইও হয়েছে। এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি আনা হচ্ছে। ঐকমত্য কমিশনের নিজস্ব মতামত আছে, তাদের মতামতের জন্য আনা হয়নি। জনগণের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে খসরু বলেন, “ক্ষমতায় যাওয়ার আগেই আমরা পরিকল্পনার কাজ শেষ করে ফেলেছি। ক্ষমতায় যাওয়ার পরদিন থেকেই উন্নয়ন কাজ শুরু করবে বিএনপি। বড় বড় মেগা প্রজেক্ট করে টাকা নষ্ট করা হবে না; শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে চায় বিএনপি।”

তিনি আরো বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু চর্চা করি না। বিএনপি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায়। আগামী প্রজন্ম যেন বিদেশে গিয়ে দক্ষ জনশক্তি হতে পারে, আয় তিন-চার গুণ বাড়ে—সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

সম্মেলনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ব্যবসায়ী নেতারা অংশ নেন।