বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: দলটির অভিমত

নির্বাচিত সরকারকে অকার্যকর করবে জুলাই সনদের কিছু প্রস্তাবনা—বিএনপি

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

জুলাই সনদে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে নানা মহলে সমালোচনা ও বিরোধিতা দেখা দিয়েছে। কেউ কেউ দাবি করছেন, বিএনপি নাকি ক্ষমতার ভারসাম্য চায় না। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃতপক্ষে জুলাই সনদের কিছু প্রস্তাবনাই নির্বাচিত সরকারের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে।

দলটির অভিমত, প্রস্তাবিত জুলাই সনদের বিভিন্ন ধারা অনুযায়ী নির্বাচিত সরকারের কার্যকর ক্ষমতা সীমিত হয়ে যাবে এবং বিরোধী দল রাষ্ট্র পরিচালনায় অযাচিত প্রভাব বিস্তার করবে।

উদাহরণ হিসেবে বিএনপি বলছে, সনদে প্রস্তাব করা হয়েছে— সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ কমিটিতে তিনজন বিরোধী দলের এবং দুইজন সরকারি দলের সদস্য থাকবেন। দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিয়োগ কমিটিতে একজন সরকারি দলের ও তিনজন বিরোধী দলের প্রতিনিধি থাকবেন। আবার ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে দুইজন সরকারি দলের, তিনজন বিরোধী দলের এবং দুইজন নিরপেক্ষ সদস্য থাকবেন। একইভাবে মহাহিসাব নিরীক্ষক নিয়োগ কমিটিতে দুইজন সরকারি দলের ও পাঁচজন বিরোধী দলের প্রতিনিধি থাকার প্রস্তাব করা হয়েছে।

বিএনপির বক্তব্য, এসব প্রস্তাবনায় দেখা যাচ্ছে সরকারি দলের সদস্যরা সংখ্যালঘু। এতে নির্বাচিত সরকারের পক্ষে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হবে। দলটির ভাষ্যে, “এ ধরনের কাঠামো কার্যত নির্বাচিত সরকারকে অকার্যকর করে তুলবে এবং রাষ্ট্র পরিচালনায় বিরোধী দলের অযাচিত হস্তক্ষেপ বাড়াবে।”

বিএনপি আরও বলেছে, দলের প্রধান কে হবেন, তা দলের অভ্যন্তরীণ বিষয়ে নির্ধারিত হয়। প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবেন না— এমন বিধান মৌলিক অধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছে দলটি।

দলীয় সূত্র জানায়, বিএনপি এসব কারণেই জুলাই সনদের নির্দিষ্ট প্রস্তাবনাগুলোর বিরুদ্ধে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। দলটির দাবি, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।