জাতীয় ঐকমত্য বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার

সাব হেডলাইন: জাতীয় ঐকমত্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির — জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতির তাগিদ

Posted by:

on

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়,

“জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কতিপয় বিষয়ে নোট অব ডিসেন্টসহ যে সকল বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, আমরা তার অংশীদার হিসাবে সনদে বর্ণিত সকল বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।”

বিএনপি জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন বা সংকট সৃষ্টির যেকোনো অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবিচল থাকবে।
সভায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

“বিএনপি দৃঢ়ভাবে মনে করে, দীর্ঘ আলোচনায় উপনীত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনোভাবেই নতুন সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিতব্য নির্বাচনে বাধা সৃষ্টি করবে না।”

বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, জুলাই জাতীয় সনদের আলোকে ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো বাস্তবায়নে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে।