নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি │ ঢাকা
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস বলেছেন, বিএনপি এখন অপ্রতিরোধ্য— কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র দিয়েই এই দলকে থামানো যাবে না।
শুক্রবার (৭ নভেম্বর) মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে রাজধানীর কারওয়ান বাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “যে এলাকা দিয়ে আসলাম, যেখানে শেষ করলাম—এটাই আমার নির্বাচনী এলাকা। আজকে মনে হচ্ছে, আপনারা আমাকে বিজয় মিছিল করে দিয়েছেন। এজন্য আমি মহাসচিবকে ধন্যবাদ জানাই। যদি সম্ভব হয়, আমি নিজে গিয়ে এই ভালোবাসার ঋণ শোধ করব।”
তিনি আরও বলেন, “আজকের এই মিছিল সকল ষড়যন্ত্রকারীদের প্রতি একটি হুঁশিয়ারি এবং দাঁতভাঙা জবাব। বিএনপি এখন অপ্রতিরোধ্য— ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। ফেব্রুয়ারির নির্বাচনে কোনো চক্রান্তই বিএনপিকে পরাজিত করতে পারবে না।”
দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করে প্রমাণ করেছেন— বিএনপি বাংলাদেশের একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল।”
তিনি ঘোষণা দেন, “আমরা এখন থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অবিরাম আন্দোলন ও মিছিল-মিটিংয়ের মধ্য দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনব। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নই আমাদের শপথ।”
সমাবেশ শেষে মির্জা আব্বাস বলেন, “আসুন, আমরা নতুন উদ্যমে চক্রান্তকারীদের দাঁতভাঙা জবাব দিই— ইনশাল্লাহ আগামী ভোটে বিএনপি বিজয়ী হবে।”





