১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন

১৮ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা; একই দিনে উদ্বোধন হচ্ছে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’।

Posted by:

on

স্টাফ ঢাকা, ৯ নভেম্বর ২০২৫: আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি (Postal Vote BD)’ উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন,
“আগে ১৬ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পরিকল্পনা ছিল। কিন্তু দিনটি বিশ্বের বহু দেশে সাপ্তাহিক ছুটি হওয়ায় প্রবাসীদের সুবিধা বিবেচনায় ১৮ নভেম্বর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উদ্বোধনের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে।

সচিব জানান, নতুন অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন— যা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দীর্ঘদিনের উদ্যোগকে বাস্তবায়নের নতুন ধাপ হিসেবে চিহ্নিত করবে।
“চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে এবারের হালনাগাদ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে,” বলেন তিনি।

আমজনতার দলের অনশন প্রসঙ্গে মন্তব্য

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের নির্বাচন ভবন সামনে অনশন সম্পর্কে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন,
“আইনগতভাবে যা বলার ছিল, চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তারা চাইলে আপিল করতে পারেন এবং ঘাটতি পূরণ করে পুনরায় আবেদন করতে পারেন। অনশন না করে আইনগত প্রক্রিয়ায় এগোনোর অনুরোধ জানাই।”

তিনি আরও বলেন,
“পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন কমিশনের সচিব বরাবর করা যেতে পারে। কমিশন আইন অনুযায়ী সেটি বিবেচনা করবে।”

নির্বাচন ভবনের নিরাপত্তা ও আইনগত বিষয়

নির্বাচন ভবন একটি কেপিআইভুক্ত (Key Point Installation) এলাকা উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
তিনি বলেন,
“আরপিও অনুযায়ী সংশোধনের আবেদন মঞ্জুর হতে পারে, আর আপিলের বিষয়টি কমিশন আইন অনুযায়ী দেখবে। যেকোনো সময় পুনর্বিবেচনার আবেদন করাও গ্রহণযোগ্য।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শিগগিরই

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সচিব জানান,
“আমরা প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিমালার গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। গেজেট প্রকাশ পেলেই সংলাপের সময়সূচি চূড়ান্ত হবে।”

#ElectionCommission, #VoterList, #DiasporaVoters, #PostalVoteBD, #AkhtarAhmed, #BangladeshElection, #ECBangladesh, #PoliticalDialogue, নির্বাচনকমিশন, #ভোটারতালিকা, #প্রবাসীভোটার ,#PostalVoteBD, #আখতারআহমেদ, #নির্বাচন২০২৫, #বাংলাদেশ, #আমজনতারদল, #নির্বাচনভবন,