নির্বাচন পেছানো মানেই দেশের সর্বনাশ: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | ১০ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি ঠাকুরগাঁও প্রতিনিধি ॥বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ…

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ১০ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দেশে চলছে এক সুপরিকল্পিত চক্রান্ত ও ষড়যন্ত্র, যার লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করা ও পিছিয়ে দেওয়া। তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন পেছানো মানে দেশের সর্বনাশ হওয়া, জাতির ভবিষ্যৎ বিপন্ন করা।”

রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল, যারা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারা আজ আবারও দেশের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হতে পারি না। ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজনের মাধ্যমে আমাদের ঐক্য ভাঙতে দেওয়া যাবে না। হিন্দু-মুসলমান এই দেশের ভাই ভাই—একসঙ্গে যুদ্ধ করেছি, একসঙ্গেই দেশ গড়ব।”

বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, “দেশে একটি নির্বাচিত সরকার এখন সময়ের দাবি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধা করি, কিন্তু বিলম্ব না করে দ্রুত নির্বাচন তফসিল ঘোষণা করতে হবে।”

তিনি এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা স্মরণ করে বলেন, “এই দেশ গড়ার নেতৃত্ব বিএনপিই দিয়েছে, মুক্তিযোদ্ধাদের সম্মান ও ভাতা ব্যবস্থার সূচনাও বিএনপির সরকারেই হয়েছে।”

সভায় জেলা বিএনপি সভাপতি, সম্পাদক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।