‘ভোটকে এত ভয় কেন?’—ঠাকুরগাঁওয়ে প্রশ্ন মির্জা ফখরুলের

আনুপাতিক প্রতিনিধিত্বের নামে ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ১১ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

ঠাকুরগাঁও প্রতিনিধি| ১১ই নভেম্বর ২৫ | নিউজ চ্যানেল বিডি |
‘ভোটকে এত ভয় পাচ্ছে কেন সরকার? কারণ তারা জানে, সুষ্ঠু ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না’— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন,

“আজকে আপনারা দেখেছেন—বর্তমান সরকারের একজন উপদেষ্টা, একজন মহিলা মন্ত্রী, তিনি বলছেন ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন আর কেউ জুলাই সনদের কথা বলছে না’। অথচ এই সনদের ভিত্তিতেই তো রাজনৈতিক দলগুলো নয় মাস ধরে আলোচনা করেছে, ঐক্যমতে পৌঁছেছে। এখন তার বাইরে গিয়ে জনগণের ঘাড়ে অন্য কোনো ‘সংস্কার’ চাপিয়ে দিতে চাইলে সেটা দেশবাসী মেনে নেবে না।”

তিনি আরও বলেন,

“এই সরকার এখন আনুপাতিক প্রতিনিধিত্বের নামে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। আমরা শত বছর ধরে ভোট দিয়ে আসছি—মানুষ ভোট দিয়েছে ধানের শীষে, নৌকায়, যাকে পছন্দ করেছে তাকে। এখন বলা হচ্ছে দলই ঠিক করবে কে এমপি হবে—এটা কোনো নির্বাচনী ব্যবস্থা হতে পারে না। এতে জনগণের অংশগ্রহণ থাকবে না, গণতন্ত্র থাকবে না।”

মির্জা ফখরুল সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন,

“তোমরা ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তোমরা জানো—ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না।”

বিএনপি মহাসচিব বলেন, জনগণ তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হচ্ছে। “আমরা জনগণের সরকার গঠনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি, সেটি আর থেমে থাকবে না,”—যোগ করেন তিনি।