স্টাফ রিপোর্টার ঢাকা, ১১ নভেম্বর ২০২৫: নিউজ চ্যানেল বিডি
নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৩ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বা মতবিনিময় সভা শুরু করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি বলেন, “আমরা আশা করছি, সব রাজনৈতিক দল ইতিবাচকভাবে সাড়া দেবে। সংলাপের মাধ্যমে নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার চেষ্টা করছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “বাগেরহাটের নির্বাচনী সীমানা সংক্রান্ত হাইকোর্টের রায়ের সার্টিফায়েড কপি আমরা এখনও পাইনি। একইভাবে গাজীপুরে একটি আসন বৃদ্ধির বিষয়টিও আদালতের পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে। এই দুটি ইস্যু স্পষ্ট না হলে তফসিল ঘোষণার বিষয়টি কিছুটা পিছিয়ে যেতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা আদালতের পর্যবেক্ষণ হাতে না পাওয়া পর্যন্ত মন্তব্য করা বা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। রায়ের বিস্তারিত বুঝে তবেই কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।”
প্রচারণায় লাউডস্পিকার ব্যবহারের নিয়ম সম্পর্কে সিইসি বলেন, “একটি নির্বাচনী এলাকায় একটি জনসভায় তিনটির বেশি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা যাবে না। তবে প্রার্থী যদি একাধিক জনসভা করেন, প্রতিটি সভায় তিনটি করে অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে পারবেন।”
আসন্ন সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কিছুটা পিছিয়ে আছি দুটি বিষয়ে—একটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় এবং অন্যটি পর্যবেক্ষকদের নিবন্ধন। এই মাসের মধ্যেই সব কার্যক্রম শেষ করার চেষ্টা করছি। সংলাপটি হবে ইসি ভবনের ৫২০ নম্বর কক্ষে (অডিটোরিয়ামে), এবং সাংবাদিকদের জন্য বাইরে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।”
সিইসি বলেন, “আমাদের লক্ষ্য হলো, আরপিও ও আচরণবিধির সব পরিবর্তন বাস্তবায়ন করে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা।”





